কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর পরিবারের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। মুজিব আলীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকের প্রাণহানি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। একটি স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের জীবনের মূল্য রয়েছে। সীমান্তে অবৈধ হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। সারজিস আলম বলেন, নিহত মুজিব মিয়ার রেখে যাওয়া একটি দশ মাসের শিশুর নীরব চোখ আজ যেন পুরো জাতির কাছেই একটি প্রশ্ন রেখে যায়, সীমান্তে আর কত প্রাণ হারালে এমন মৃত্যুর অবসান ঘটবে? উল্লেখ্য, ১২ জুন সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। পরবর্তীতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।