কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। সোমবার কুসিকের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত স্মারকে জানানো হয়, নগরীর ফুটপাত, সড়ক এবং সড়কের পাশের দোকানের সামনে অবৈধভাবে হকার, ভ্যানগাড়ি ও অস্থায়ী দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যানগাড়ি বসাতে সহযোগিতা করে আসছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা নিজেরা মাঠে গিয়ে নির্দেশনা দিই। বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-সারা বয়লার হাউজ, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।








