কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারির বাগানের ভেতর অভিনব পদ্ধতিতে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে তাপপ্রতিরোধী তারজালের বেষ্টনী দিয়ে তৈরি একটি ‘গ্রিনহাউসে’ এই গাঁজা চাষ করা হচ্ছিল। সেখান থেকে অন্তত অর্ধশতাধিক ছোট-বড় গাঁজা গাছ জব্দ করেছে ভূরুঙ্গামারী থানা-পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে আজ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন ও তার ছেলে রুবেল হোসেন অতি গোপনে সুপারি বাগানে এই গাঁজা বাগান গড়ে তুলেছেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পিতা-পুত্র সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যান। জামাল উদ্দিন ওই এলাকার মৃত জাফর আলীর ছেলে।অভিযানস্থল থেকে গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই আধুনিক পদ্ধতিতে গাঁজা চাষের চেষ্টা করছে। এসব অপরাধ ঠেকাতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।