কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এক রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট চিকিৎসকের দাবি, রোগীর নষ্ট দুটি দাঁতের মধ্যে একটি দাঁত তোলা হয়েছে।
এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছেন রোগীর পরিবার। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুষ্টিয়া শহরের বাসিন্দা ভুক্তভোগী বৃদ্ধা আনোয়ারা খাতুন কল্পনা বলেন, গত ১ জুলাই তীব্র দাঁতের ব্যথা নিয়ে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে সহকারী ডেন্টাল সার্জন ডা. শারমিন জাহান পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার একটি দাঁতে বড় ধরনের ক্ষয় (ক্যাভিটি) হয়েছে এবং সেটি অপসারণ ছাড়া অন্য কোনো কার্যকর চিকিৎসা নেই। পরে তাকে ১২ জুলাই হাসপাতালে এসে দাঁত অপসারণের জন্য নির্ধারিত তারিখ দেওয়া হয়। পরিবারের সদস্যদের দাবি, নির্ধারিত দিনে অস্ত্রোপচারের পরও আনোয়ারা খাতুনের ব্যথা কমেনি। বরং ব্যথা আরও তীব্র হলে দুই দিন পর তিনি অন্য এক দন্ত চিকিৎসকের শরণাপন্ন হন।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেন, যে দাঁতটি ক্ষতিগ্রস্ত ছিল সেটি অক্ষত রয়েছে। এর পরিবর্তে পাশের একটি সম্পূর্ণ সুস্থ দাঁত তুলে ফেলা হয়েছে।
আরও পড়ুন
অবশেষে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
রোগীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান কাজল বলেন, দাঁত অপসারণের দিন অপারেশন কক্ষের দায়িত্বে ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার পাল। কিন্তু তিনি অপারেশন কক্ষে উপস্থিত না থেকেই তার সহকারীকে দিয়ে একের পর এক রোগীর দাঁত অপসারণ করান।
তার ভাষ্য, মায়ের অস্ত্রোপচারের আগে ডা. চন্দন কুমার পাল মাত্র এক মিনিটের মতো অপারেশন কক্ষে অবস্থান করেন। এরপর তিনি পাশের কক্ষে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। সে সময় তার সহকারী কোনো চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই রোগীদের দাঁত অপসারণ করেন। বিষয়টি নিয়ে কথা বললে তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই, আমার সহকারীই করতে পারবে।’
আসাদুজ্জামান কাজল আরও বলেন, ‘অস্ত্রোপচারের পরও মায়ের ব্যথা না কমায় অন্য চিকিৎসকের কাছে যাই। তখন জানতে পারি, যে দাঁতটি তোলার কথা ছিল সেটি রয়ে গেছে, আর পাশের ভালো দাঁতটি তুলে ফেলা হয়েছে। এটি শুধু একটি চিকিৎসাগত ভুল নয়, একজন রোগীর প্রতি চরম অবহেলার উদাহরণ।’
আসাদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজের পরিচয় দেওয়ার পরও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ রোগীরা কী ধরনের চিকিৎসাসেবা পাচ্ছেন, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়।’
অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার পাল বলেন, দাঁত উঠানোর দায়িত্ব থাকে সার্জনের ওপর। সার্জন এবং তার সহকারীরা দাঁত তোলার কাজ করেন। বিভাগীয় প্রধানরা শুধু তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন। ভুক্তভোগী ওই রোগীর দুটি দাঁত নষ্ট ছিল। দুটি দাঁত একসাথে একই দিনে ওঠানো সম্ভব না হওয়ায় একটি দাঁত উঠানো হয়েছে আর নষ্ট আরেকটি দাঁত পরবর্তীতে ওঠানোর জন্য বলে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা বিষয়টি বুঝতে না পেরে এমন অভিযোগ করছেন। এর পরও যদি কোনো অভিযোগ থাকে তাহলে লিখিত অভিযোগ দিলে সেটি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার পাল স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বলেন, ‘রোগীকে আগামী শনিবার নিয়ে আসুন, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আল-মামুন সাগর/এসজেডএইচ/জেআইএম








