কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলার ডুবে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবাব (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দিন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
আরও পড়ুন
কক্সবাজারে আরও দুই প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ২৮
তাদের সঙ্গে নিখোঁজ পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দিনকে (২১) এখনো পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক ফারুক আহমেদ জানান, রোববার (১২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এসময় সাত জেলে নানাভাবে জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।
সায়ীদ আলমগীর/এসআর








