পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুই বগি রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশন ছেড়ে যায়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশাররেফ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এরপর লাইনচ্যুত দুই বগি রেখে ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

 

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার এক ঘণ্টা পর উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকল্প পথে এখন ব্রডগেজ ট্রেন চলাচল করছে।

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররেফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

শেখ মহসীন/এসআর