বাবা দিবস উপলক্ষ্যে সম্প্রতি প্রকাশ হয়েছে ‘লাইফলাইন’ নামে একটি ওয়েবফিল্ম। কাজী আসাদ পরিচালিত এ ওয়েবফিল্মে অভিনয় করেছে বিদ্যা সিনহা মিম। এটি নিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। গত কুরবানি ঈদে তার অভিনীত ‘মালিক’ সিনেমাটিও প্রশংসিত হয়েছে বলে অভিনেত্রীর দাবি। দুটি কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘মালিক সিনেমাটি নিয়ে আমার শুরু থেকেই প্রত্যাশা ছিল যে, এটি দর্শকের ভালো লাগবে। মুক্তির পর বেশ কয়েকদিন প্রেক্ষাগৃহ ভিজিটেও গিয়েছিলাম, খুব কাছে থেকে দর্শকের ভালোলাগাটা অনুভব করেছি। মালিকে মুগ্ধ হয়েছেন দর্শক। এর রেশ কাটতে না কাটতেই লাইফলাইনও চলে এলো প্ল্যাটফরমে। এটিও প্রকাশের পর নানা মাধ্যমে আমি এতে কাজের জন্য ভীষণ সাড়া পেয়েছি। পরপর দুটি কাজের জন্য সবার কাছ থেকে এত সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যা আমাকে আরও ভালো ভালো কাজ করার ক্ষেত্রে ভীষণ অনুপ্রেরণা দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমার তো অভিনয়ই পেশা। নিজেকে একদম ফিট রেখে যে কোনো ভালো চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখি। প্রতিনিয়তই সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে। আমি কেবল আমার মন ছুঁয়ে যাবার মতোই গল্পে অভিনয় করতে চাই যা দর্শকের কাছে ভীষণ ভালোলাগার হয়ে উঠবে।’ এদিকে মিম বর্তমানে আরও কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন। তার অভিনীত একাধিক সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে একটি ‘দিগন্তে ফুলের আগুন’। ওয়াহিদ তানেক পরিচালিত এ সিনেমাটি শহীদুল্লাহ কায়সারের জীবনের একটি অংশ নিয়ে নির্মিত হয়েছে।