পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ও প্রশাসনিক ক্ষেত্রে আরো এক বড়সড় বদলের সিদ্ধান্ত নিল নবগঠিত বিজেপি সরকার। এবার রাজ্যের সরকারি বাসের চেনা নীল-সাদা রঙে পরিবর্তন এনে সেগুলোকে ‘গেরুয়া’ রঙে সাজানোর ঘোষণা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার (৭ জুলাই) এমন ঘোষণা দেন তিনি। 

পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, “পশ্চিমবঙ্গের পূর্বতন সিপিআইএম সরকারের সময় বাসের রং ছিল লাল, মানে বিপদের প্রতীক। তৃণমূল কংগ্রেসের আমলে হলো নীল-সাদা, মানে ‘চুরি’ ও দুর্নীতির প্রতীক। আর গেরুয়া মানে ত্যাগের প্রতীক। আমরা যেহেতু রাষ্ট্রবাদী দল, তাই নতুন যে বাস আসবে সেগুলো গেরুয়া রঙের হবে।” 

কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে বাসের ঘাটতি ও যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পরিবহনমন্ত্রী অর্জুন সিং দুর্গাপূজার আগেই শহরে ৪৬০টি নতুন বাস চালু করার ঘোষণা দিয়েছেন।

মন্ত্রী জানান, বর্তমানে কর্মস্থল বা স্কুল-কলেজগামী যাত্রীদের জন্য বাস মিস করা, দেরিতে পৌঁছনো, অতিরিক্ত ভিড় এবং মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অটো বা বসের জন্য অপেক্ষা করা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নতুন বাসের টেন্ডার ডাকা হয়েছে।

কার্বন নিঃসরণ কমাতে ৪৬০টি নতুন বাসের বেশিরভাগই হবে বৈদ্যুতিক বাস (ই-বাস)। কিছু সিএনজি বাসও কেনা হবে। কিছু রুটের চাহিদার ওপর নির্ভর করে বহরে অল্প সংখ্যক ডিজেল চালিত যানবাহনও যুক্ত করা হবে। ডিপোতে পড়ে থাকা ৬০টি নতুন বাসকেও ওভারহোলিং করে আবার রাস্তায় নামানোর ঘোষণা দেওয়া হয়েছে। আর এই সবকটি বাসেই নতুন করে গেরুয়া রং করা হবে। 

বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর পরিবহন ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের সব সরকারি বাসে নারী যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সফরের সুবিধা চালু করেছে। এছাড়াও বন্ধ হতে চলা কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে আধুনিক রূপ দিয়ে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছেন পরিবহনমন্ত্রী।