প্রেম নিয়ে বিরোধে লালমোহনে স্কুলছাত্রের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইব্রাহিম খলিল নয়ন নামে কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন নিহতের দুই সহপাঠী। বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরসভার স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। পরে হত্যাকারী আব্দুল্লাহ আল মানিক ছুরি হাতে নিজেই থানায় এসে আত্মসমর্থন করে। নিহত নয়ন ড. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছালাউদ্দিনের ছেলে। অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে লালমোহন সদর ইউনিয়নের উত্তর ফুলবাগিচা গ্রামের বাসিন্দা। আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বৃহস্পতিবার দশম শ্রেণির পরীক্ষা শেষে মানিককে কয়েকজন বহিরাগত ছাত্র নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তারা হত্যাকাণ্ডের খবর পান। জানা যায়, ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেম ঘটিত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে। ওই ছাত্রী মানিকের সঙ্গে একই ক্লাসে পড়ে। তাদের বিষয়ে কলেজ ছাত্র ইব্রাহিম খলিল নয়ন, মো. আরমান ও মো. আশরাফ এর সঙ্গে মোবাইলে ছবি ও ভিডিও নিয়ে মানিকের বিরোধ সৃষ্টি হয়। যার জের ধরে বৃহস্পতিবার মানিক নিজ বাসা হতে চাকু নিয়ে আসে। পরে পরীক্ষা শেষে বের হয়ে স্বনির্ভর সড়কে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে চাকু দিয়ে ওই ৩ জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলে নিহত হন কলেজছাত্র ইব্র্রাহিম খলিল নয়ন। অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আহতদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। মূল আসামি আমাদের হেফাজতে আছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে মূল ঘটনা জানা যাবে।