মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও গদি স্থাপনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার খড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার অবৈধ পাইপলাইন জব্দ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লৌহজং থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনা করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার পাইপলাইন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, নদী ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলন কিংবা বালুর গদি স্থাপনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।/