লেবাননকে ‘আরেকটি গাজা’ হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছে স্লোভাকিয়া। দেশটির সংবাদ সংস্থা টিএএসআর-এর তথ্যমতে, পররাষ্ট্রমন্ত্রী ইউরাই ব্লানার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিকে সম্মান করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন।

ব্রাতিস্লাভায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে ব্লানার গাজা উপত্যকাসহ মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইরান-সম্পর্কিত উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ব্লানার বলেন, আমরা চাই না লেবানন গাজার আরেকটি অংশ হয়ে উঠুক এবং সে কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো ইসরায়েলেরও মেনে চলা প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ব্রাতিস্লাভা এবং মাদ্রিদের দৃষ্টিভঙ্গি একই রকম, যেখানে কূটনীতি, সংলাপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানকে অগ্রাধিকার দেওয়া হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে যে, তাদের নাগরিকরা আবার লেবাননে ভ্রমণ করতে পারবেন। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের জেরে আরোপিত দুই মাসের নিষেধাজ্ঞার অবসান ঘটলো।

তবে লেবাননে ভ্রমণকারী আমিরাতিদের যাত্রার আগে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। সংযুক্ত আরব আমিরাত গত ৩০ এপ্রিল তাদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং ওই দেশগুলোতে থাকা সকল নাগরিককে অবিলম্বে দেশে ফিরে আসার আহ্বান জানায়।

টিটিএন