ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার (৩০ জুন) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে তারা বৈঠক করবেন।
হোয়াইট হাউজের সূত্রের বরাত দিয়ে সাংবাদিক বারাক রাভিদ সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এ মঙ্গলবার (৩০ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বঘোষিত দোহা-ভিত্তিক পরামর্শ প্রক্রিয়ার অংশ। এছাড়া উইটকফ ও কুশনার কাতারের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা করেছেন।
রাভিদ আরও জানান, বুধবার (১ জুলাই) মার্কিন ও ইরানি প্রতিনিধিদল পৃথকভাবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (MoU) নিয়ে পরামর্শের জন্য খুব শিগগির একটি ইরানি প্রতিনিধিদল কাতারে যাবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই।
কেএম








