লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে অপহৃত হওয়ার পর মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়ার আসাদুল বখতিয়ার। পরিবারের সবটুকু সম্বল খুইয়ে ৬ লাখ টাকা দিয়ে মুক্তি মিললেও এখন দেড় লাখ টাকা বিমান ভাড়ার অভাবে বিদেশের মাটিতে ধুঁকছেন তিনি। এদিকে আসাদুলকে ফেরাতে সর্বস্বান্ত হয়ে দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী নিপা বেগম।পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে স্বচ্ছলতা ফেরাতে ২০২২ সালে লিবিয়ায় যান আসাদুল। সেখানে একটি দর্জির দোকানে কাজ করতেন তিনি। চলতি বছরের ৯ রমজান সেহরি খাওয়ার পর একদল মাফিয়া আসাদুলকে তুলে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মাফিয়ারা।আসাদুলের স্ত্রী নিপা বেগম জানান, অনেক অনুনয়-বিনয় করার পর মাফিয়ারা ৬ লাখ টাকায় মুক্তি দিতে রাজি হয়। সুদে এবং ধারদেনা করে সেই টাকা জোগাড় করতে পরিবারের দুই মাস সময় লাগে। গত ২০ মে টাকা পাওয়ার পর মাফিয়ারা আসাদুলকে রাস্তায় ফেলে যায়। বর্তমানে তিনি এক প্রবাসীর কাছে আশ্রয় নিয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন।নিপা বেগম আরও জানান, ‘স্বামীকে তো মুক্ত করলাম, কিন্তু এখন দেশে আনার দেড় লাখ টাকা বিমান ভাড়া দেওয়ার কোনো উপায় নেই আমাদের। ঘরে দুই সন্তান আর বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি নিয়ে না খেয়ে দিন কাটছে। স্বামীকে বাঁচাতে সরকারসহ সবার সহযোগিতা চাই।’ নির্যাতনের শিকার আসাদুলকে দেশে ফিরিয়ে আনতে এখন দ্বারে দ্বারে ঘুরছে তার অসহায় পরিবার।