হাসানুর রহমান

বাংলাদেশের অর্থনীতি ক্রমেই উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার ওপর অধিক নির্ভরশীল হয়ে উঠছে। সরকারও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রণোদনা গ্রহণ করছে। কিন্তু বাস্তবে এখনো অনেক উদ্যোক্তা ব্যবসা শুরু করলেও যথাযথ আইনি কাঠামোর গুরুত্ব উপলব্ধি করেন না। ফলে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ গ্রহণ, বিনিয়োগ আকর্ষণ কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নিবন্ধিত লিমিটেড কোম্পানি হতে পারে কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান।

এই প্রেক্ষাপটে লিমিটেড কোম্পানি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ব্যবসায়িক কাঠামোগুলোর একটি। ব্যবসার আইনি সুরক্ষা, বিনিয়োগ আকর্ষণ, ব্যাংকিং সুবিধা এবং দীর্ঘমেয়াদি সম্প্রসারণের জন্য অনেক উদ্যোক্তা এখন ব্যক্তিগত মালিকানা বা অংশীদারি প্রতিষ্ঠানের পরিবর্তে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনকে অগ্রাধিকার দিচ্ছেন।

বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের দায়িত্ব পালন করে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফ্রিমস (আরজেএসসি)। কোম্পানি আইন, ১৯৯৪ (কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪) অনুযায়ী একটি কোম্পানি গঠিত ও পরিচালিত হয়। নিবন্ধনের পর কোম্পানি একটি স্বতন্ত্র আইনি সত্তা লাভ করে এবং নিজ নামে সম্পদ অর্জন, চুক্তি সম্পাদন ও ব্যবসা পরিচালনা করতে পারে।

লিমিটেড কোম্পানি কী?

লিমিটেড কোম্পানি হলো এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে শেয়ারহোল্ডারদের দায় তাদের বিনিয়োগকৃত শেয়ারের পরিমাণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ফলে কোম্পানির ব্যবসায়িক দায় বা ক্ষতির কারণে সাধারণত মালিকদের ব্যক্তিগত সম্পদ ঝুঁকির মধ্যে পড়ে না। এ কারণেই বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লিমিটেড কোম্পানি একটি জনপ্রিয় কাঠামো।

আরও পড়ুন

ভোটার এলাকা পরিবর্তন কীভাবে করবেন?

বাংলাদেশে সাধারণত দুই ধরনের লিমিটেড কোম্পানি রয়েছে-

  • প্রাইভেট লিমিটেড কোম্পানি
  • পাবলিক লিমিটেড কোম্পানি

এর মধ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানি নতুন উদ্যোক্তাদের জন্য অধিক উপযোগী ও বহুল ব্যবহৃত।

কেন লিমিটেড কোম্পানি করবেন?

  • স্বতন্ত্র আইনি সত্তা: কোম্পানি মালিকদের থেকে পৃথক একটি আইনি পরিচয় লাভ করে এবং নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারে।
  • সীমিত দায়ের সুবিধা: শেয়ারহোল্ডারদের দায় সাধারণত তাদের বিনিয়োগকৃত মূলধনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
  • ব্যবসার গ্রহণযোগ্যতা বৃদ্ধি: নিবন্ধিত কোম্পানির প্রতি ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বিদেশি ক্রেতাদের আস্থা তুলনামূলক বেশি থাকে।
  • বিনিয়োগ সংগ্রহে সুবিধা: নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে সহজেই বিনিয়োগকারী যুক্ত করা যায়।
  • ব্যবসার ধারাবাহিকতা: পরিচালক বা শেয়ারহোল্ডার পরিবর্তন হলেও কোম্পানির কার্যক্রম ও অস্তিত্ব অব্যাহত থাকে।

কোম্পানি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। সাধারণত নিম্নলিখিত তথ্য ও ডকুমেন্ট প্রয়োজন হয়।

  • পরিচালক ও শেয়ারহোল্ডারদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • টিআইএন সনদ
  • নিবন্ধিত অফিসের ঠিকানা
  • অথোরাইজড ক্যাপিটাল ও পেইড-আপ ক্যাপিটাল-এর তথ্য
  • ম্যামোর‍্যান্ডম অব অ্যাসোসিয়েশন (এমওএ)
  • আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (এওএ)
  • সক্রিয় ই-মেইল ঠিকানা
  • মোবাইল নম্বর

কোম্পানি রেজিস্ট্রেশনের ধাপসমূহ-

১. নামের ছাড়পত্র

আরজেএসসি (RJSC)-এর অনলাইন পোর্টালের মাধ্যমে কোম্পানির প্রস্তাবিত নামের অনুমোদন গ্রহণ করতে হয়। নাম অনুমোদিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

২. এমওএ ও এওএ প্রস্তুতকরণ

এমওএ-তে কোম্পানির উদ্দেশ্য, কার্যপরিধি ও ব্যবসার ধরন উল্লেখ করা হয়। এওএ-তে কোম্পানির পরিচালনা, শেয়ার হস্তান্তর, সভা পরিচালনা এবং অন্যান্য প্রশাসনিক বিধান নির্ধারণ করা হয়।

৩. অনলাইন আবেদন

আরজেএসসি-এর নির্ধারিত পোর্টালে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করে সরকারি ফি পরিশোধের মাধ্যমে আবেদন দাখিল করতে হয়।

৪. যাচাই ও নিবন্ধন

আরজেএসসি কর্তৃপক্ষ কাগজপত্র ও তথ্য যাচাই করে সন্তুষ্ট হলে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানি আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন

আয়কর রিটার্ন কী, কারা দেবেন?

নিবন্ধনের পর গুরুত্বপূর্ণ করণীয়

  • ট্রেড লাইসেন্স: সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।
  • টিআইএন ও বিআইএন নিবন্ধন: কোম্পানির নামে টিআইএন গ্রহণ করতে হবে এবং ভ্যাট প্রযোজ্য হলে বিআইএন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
  • ব্যাংক হিসাব: কোম্পানির নামে ব্যাংক হিসাব খুলে সকল আর্থিক লেনদেন পরিচালনা করা উচিত।
  • হিসাবরক্ষণ ও অডিট: কোম্পানি আইন এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী সঠিক হিসাব সংরক্ষণ ও প্রয়োজনীয় অডিট সম্পন্ন করতে হবে।
  • বার্ষিক রিটার্ন দাখিল: প্রতি বছর আরজেএসসি-তে অ্যানুয়েল রিটার্ন, শিডিউল এক্স, শেয়ারহোল্ডিং সংক্রান্ত তথ্য এবং প্রযোজ্য অন্যান্য রিটার্ন ও নোটিশ দাখিল করতে হয়।

উদ্যোক্তাদের সাধারণ ভুল

অনেক উদ্যোক্তা মনে করেন কোম্পানি নিবন্ধনের মাধ্যমে সব দায়িত্ব শেষ হয়ে যায়। বাস্তবে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে নিয়মিত কমপ্ল্যাইন্স বা সম্মতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যানুয়েল রিটার্ন দাখিল না করা, ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত বাধ্যবাধকতা অবহেলা করা, শেয়ার হস্তান্তরের নিয়ম অনুসরণ না করা কিংবা ভুল অবজেক্ট ক্লজ ব্যবহার করার কারণে ভবিষ্যতে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে।

বিশেষ করে ফাইন্যান্সিয়াল সার্ভিস, মাইক্রোক্রেডিট, ইনভেস্টমেন্ট, ফিনটেক, ইন্স্যুরেন্স, এডুকেশন, হেলথকেয়ার বা অন্যান্য নিয়ন্ত্রিত খাতে ব্যবসা পরিচালনার জন্য অতিরিক্ত লাইসেন্স বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হতে পারে। তাই কোম্পানি গঠনের পূর্বেই অভিজ্ঞ আইনজীবী বা করপোরেট কনসালট্যান্টের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।

আরও পড়ুন

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে শুধু ভালো পণ্য বা সেবা থাকলেই সফলতা নিশ্চিত হয় না; প্রয়োজন একটি শক্তিশালী ও আইনসম্মত প্রাতিষ্ঠানিক ভিত্তি। একটি নিবন্ধিত লিমিটেড কোম্পানি ব্যবসাকে যেমন আইনি সুরক্ষা প্রদান করে, তেমনি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান এবং বাজারের কাছে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি করে। তাই ব্যবসার শুরুতেই সঠিক আইনি কাঠামো নির্বাচন এবং পরবর্তীতে নিয়মিত কমপ্লায়েন্স নিশ্চিত করা একজন সচেতন উদ্যোক্তার অন্যতম দায়িত্ব। দীর্ঘমেয়াদে টেকসই, স্বচ্ছ ও সম্প্রসারণযোগ্য ব্যবসা গড়ে তুলতে লিমিটেড কোম্পানি কাঠামো নিঃসন্দেহে একটি কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত।

লেখক: অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা।

কেএসকে