সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী রচনার নাট্যরূপ ‘সুড়ঙ্গ’ আবারও মঞ্চে আসছে। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০২৬ উপলক্ষে আগামী রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।

এথিক-এর প্রযোজনায় নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এর মঞ্চায়নের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ।

‘সুড়ঙ্গ’ নাটকে মানুষের ধন-সম্পদের প্রতি চিরন্তন লোভ, অন্যের সম্পদ নিজের করে নেওয়ার প্রবৃত্তি এবং সেই মানসিকতার নানা দিককে ব্যঙ্গ ও হাস্যরসের আবহে তুলে ধরা হয়েছে।

নাটকটিতে অভিনয় করছেন অপ্সরা আফনান, মনি কানচন, সুকর্ন হাসান, প্রদীপ কুমার, আজিম উদ্দিন, নাহিদ মুন্না, রেজিনা রুনি, তানায আজিম, আমেনা আলো, এসপি খান শাওন, রুবেল খান, দীপেন মজুমদার, ইবনে মবিয়া, মেহেরুন নেসা এবং মৃত্তিকা প্রভা।

নাটকটির সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন মনি কানচন। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় শুভাশিস দত্ত তন্ময়, আবহসংগীতে শিশির রহমান, কোরিওগ্রাফিতে এম আর ওয়াসেক এবং পোস্টার ডিজাইনে চারু পিন্টু কাজ করেছেন।

এ ছাড়া প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন সুকর্ন হাসান এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন এথিকের সভাপতি রেজানুর রহমান।

 

এলআইএ