বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাবুগঞ্জ উপজেলায় ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। আসন্ন এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের লেখাপড়াও। প্রচণ্ড গরমের মাঝে আবার শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। ফলে বিত্তবানরা একটু স্বস্তির আশায় ঝুঁকে পড়েছে, চার্জার ফ্যান কেনার দিকে, অসচ্ছল এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা হেরিকেন কেনায়। বরিশালের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপুল কৃষ্ণ মণ্ডল যুগান্তরকে বলেন, আমাদের সমিতিতে ৬০ মেগাওয়াটের বিপরীতে বিদ্যুৎ মিলছে ৪০ থেকে ৪২ মেগাওয়াট। যে কারণে গ্রাহকদের পড়তে হচ্ছে লোডশেডিংয়ের কবলে। আশা করছি দ্রুত সমাধান হবে।








