চট্টগ্রামের লোহাগাড়ায় সদর ইউনিয়নের দরবেশহাট বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে শমসু সওদাগরের কীটনাশকের দোকানসহ সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শনিবার ভোর ৪টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, আগুনে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এমআরএএইচ/জেএইচ








