বরিশালের মেহেন্দীগঞ্জে লুডো খেলাকে কেন্দ্র করে শাকিল হোসেন (২৫) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার চর গোপালপুর ইউনিয়নের জালির চর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। শাকিল হোসেন ওই গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
লুডো খেলার পাশাপাশি মাদক-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীরা।
গ্রামবাসী জানান, জালির চর গ্রামের পণ্ডিত বাড়ির সামনে একটি পুরনো কাচারি ঘরে বসে শাকিল ও সাইফুল লুডো খেলছিলেন । খেলার একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইফুল তার কাছে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা সাইফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মেহেন্দীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেছেন, “লুডো খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।”








