বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও দায়িত্বরত পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সংগঠনটি মব সংস্কৃতি রোধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গুজবকে কেন্দ্র করে সংঘটিত এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই হুমকি নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার প্রক্রিয়া ও জননিরাপত্তার ওপরও গুরুতর আঘাত।
বিবৃতিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যায় আগৈলঝাড়া থানার পুলিশ বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির (২৬) নামের চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একটি মাদক-সংক্রান্ত মামলাও রয়েছে বলে দাবি করা হয়।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার রিয়াজ মাদকের প্রভাবে ছিলেন এবং থানা হাজতে থাকাকালে নিজেই নিজের মাথায় আঘাত করে আহত হন। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, পুলিশসহ আহত ১২
সংগঠনটির দাবি, পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল ব্যক্তি থানায় হামলা, ভাঙচুর ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায়।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, অসুস্থ আসামির চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ আইনগত ও মানবিক দায়িত্ব পালন করেছে। এরপরও গুজবের ভিত্তিতে সংঘবদ্ধ হামলা চালানো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের মব সংস্কৃতি পুলিশের মনোবল দুর্বল করার অপচেষ্টা এবং এর মাধ্যমে কোনো স্বার্থান্বেষী মহল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে।
সংগঠনটি জনগণের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার, আইনকে শ্রদ্ধা করার এবং যে কোনো অভিযোগ বা অসন্তোষ আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
টিটি/একিউএফ








