বরিশালে স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মব সন্ত্রাসের মাধ্যমে দপ্তর থেকে বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

শনিবার নগরীতে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বরিশালের স্বাস্থ্য বিভাগে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসাবে নিয়োগ পাওয়া ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি গ্রুপ অবস্থান নিলেও অন্য গ্রুপ তার নিয়োগ বহালের পক্ষে রয়েছে। অভিযোগ রয়েছে, ৬ জুলাই দায়িত্ব গ্রহণের পর বুধবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক ও শিক্ষার্থী তার দপ্তরে গিয়ে মব তৈরি করে তাকে অফিস ছাড়তে বাধ্য করে।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ব্যক্তিগত বিরোধ বা সংগঠনগত কোন্দলের কারণে একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়। তারা স্বাস্থ্য বিভাগের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এবং মব সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।