‘মাদকাসক্তি বর্তমানে দেশের তরুণ সমাজের অন্যতম বড় সংকট। এ সংকট মোকাবিলায় সমন্বিত সামাজিক আন্দোলনের বিকল্প নেই। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে হবে।’

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন বক্তারা। কেরানীগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে সিরাজনগর উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।

মানববন্ধনে সিরাজনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কেরানীগঞ্জ বন্ধুসভার সদস্যসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সবার হাতে শোভা পায়—‘মাদককে না বলো’, ‘মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’, ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’সহ নানা স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড।

কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্ণব সাইফুলের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল রতন, স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল বলেন, ‘মাদক শুধু একজন মানুষের জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’

সভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা