মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে শুক্রবার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : জয়পুরহাট শহরের সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে রঙবেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব উন নবী, জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। পাবনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম প্রমুখ। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নাটোরে সভায় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু। সভায় আরও বক্তব্য দেন নাটোরের সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন, নাসিম উদ্দিন ও কামাল হোসেন। চাঁদপুরের ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে সমাবেশে ফরিদগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মহিবুল্লাহ সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি রহমতে রাব্বি মাজেদ, প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মোহাম্মদ ইউনুছ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা কফিল উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ। বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া বিএইচপি অ্যাকাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।