মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের সিলপাটার আঘাতে উত্তম দেবনাথ (৬০) নামে এক অসহায় দিনমজুর বাবা নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পূর্ব সুবিদখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে আটক করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও তার ছেলে তাপস একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে ঘুমন্ত অবস্থায় তাপস মাদকাসক্ত অবস্থায় মসলা বাটার ভারি পাটা দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে। উত্তম দেবনাথের চিৎকারে পাশের কক্ষে থাকা তার স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান।








