মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী, বাপ-মাকে ধরে জেলে পাঠাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।

আজ সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ এ নির্দেশনা দেন।

ওসির উদ্দেশে সুলতান মাহমুদ বলেন, ‘আপনি বলবেন যে, উমুক জায়গায় গিয়েছি, মাদকসেবীকে পাইনি। আমি ‘‘নো, কথা শোনতে চাই না’’। মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী, বাপ-মা যা পান, ধরে নিয়ে থানায় রাখেন। তারপর এদের জেলে দেন।’

সংসদ সদস্য বলেন, ‘আইন সব সময় আইন দিয়ে চলে না। আইনের বাইরেও কিছু দিতে হয়। কোথায় কোথায় মাদক বিক্রি হয় জানি। কাজেই মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

সুলতান মাহমুদ আরও বলেন, ‘অত আইন দিয়ে দেশ চলব না। দেশের জনগণকে শান্তি দিতে হবে। একটা গ্রুপ আছে। যারা দেশের বিপক্ষে সব সময় থাকে। যে সরকার থাকবে, সেই সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করে থাকে। কাজেই আইন, আইনের দিকে চলুক। আমাদের কথা হলো, যারা মাদকের ব্যবসা করবে, এদেরকে আমরা ধরে ফেলব। ধরে হাত-পা ভেঙে দেব। যা হয়, হবে।’

উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমুখ।