গাজীপুরের কালীগঞ্জে মাদক কারবারির স্ত্রীর একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে।’ এই মন্তব্যের প্রতিবাদে এবং মাদক নির্মূলের দাবিতে মিছিল করেছে স্থানীয় যুবসমাজ।স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া গ্রামের একদল যুবক মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে কথিত মাদক কারবারি অহিদের বাড়িতে যান। তাকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে মাদক ব্যবসা বন্ধ করার অনুরোধ জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে যুবকদের হুমকি দেন এবং ওই মন্তব্য করেন। কয়েক সেকেন্ডের সেই ভিডিও শুক্রবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।এই ঘটনার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় কালীগঞ্জ পৌর এলাকার কাপাসিয়া মোড়ে বিক্ষোভ ও মাদকবিরোধী কর্মসূচি পালন করে স্থানীয় তরুণরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মুরব্বিরা হস্তক্ষেপ করেন। পরে যুবকদের একটি প্রতিনিধিদলসহ অহিদের বাড়িতে গিয়ে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়। সাবেক কাউন্সিলর মো. আফসার হোসেন জানান, ওই পরিবার আর কখনো মাদক ব্যবসা করবে না বলে অঙ্গীকার করেছে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, ‘সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। স্থানীয় যুবসমাজের এই ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। মাদকসংক্রান্ত যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হকও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, যারা মাদক বিক্রি বা সেবন করে সমাজ ধ্বংস করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
রাজনীতি
‘মাদকের টাকা সবার রক্তে মিশে গেছে’ : ভাইরাল ভিডিওতে কালীগঞ্জে তোলপাড়

শেয়ার করুন







