মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে আয় ও ব্যয় সমানভাবে নির্ধারণ করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু।

ঘোষিত বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বনায়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু ও শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি অলিউর রহমান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।