মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসিনা বেগম সদরের ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগমকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূল ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আসামিদের জন্য কোনো হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী সজল ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এদিকে আসামি পালানোর ঘটনায় শুক্রবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে শনিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে ওই নারীকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে। দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।