মাদারীপুরে মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাস তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও র্যাব-১০। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে ঢাকার কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলহাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ইতালিসহ বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে জুলহাস তালুকদারসহ ৯ জনের একটি চক্র ২৩ লাখ টাকা নেন। পরে আরমানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়।
সূত্র আরও জানায়, সেখানে আরমানের ওপর নির্মম শারীরিক নির্যাতন করা হয়। তাঁকে বাঁচাতে পরিবারের সদস্যরা কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হন। এরপরও চক্রটি আরও টাকা দাবি করে।
এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মানবপাচার আইনে দালালচক্রের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে জুলহাস তালুকদারকে রাজৈর থানায় হস্তান্তর করে র্যাব-৮ ও র্যাব-১০।
দুপুরে জুলহাস তালুকদারকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, `মানবপাচার আইনে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।' তিনি আরও বলেন, জুলহাসের বিরুদ্ধে মানবপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৫টি মামলা আছে।








