ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে মাধবপুর ও কুমারখালীতে দুই যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে এসব ঘটনা ঘটে। মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত প্রকাশ নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা মৃত চম্পক রেলীর ছেলে। জানা যায়, তিনি ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। ব্রাজিলের সমর্থনে তিনি ছবিসংবলিত ব্যানারও লাগিয়েছিলেন। সোমবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার খেলা দেখার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এদিকে, কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় রতন নামে এক ব্রাজিল সমর্থক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত রতন ঘোড়াইঘাট গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে। নিহত রতনের একটি কন্যা সন্তান রয়েছে। জানা যায়, রোববার রাতে ব্রাজিল হেরে যাওয়ার পর থেকেই রতন উদভ্রান্তের মতো আচরণ করতে থাকে। সকালে ঘুম থেকে উঠে দোকান থেকে পাউরুটি খেয়ে বাড়িতে ফিরে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে তার শাশুড়িসহ বাড়ির লোকজন ডাকাডাকির একপর্যায়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।








