যুক্তরাষ্ট্র সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করার পর ইরান এই অঞ্চলে আরো বাণিজ্যিক পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বুধবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র তার     ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এছাড়া এই অঞ্চলের অন্যান্য তেল ও গ্যাস রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হবে।

এই সতর্কবার্তাটি এমন সময়ে এসেছে যখন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার সকালে তারা ইরানের ওপর ড্রোন, বিমান ও নৌবাহিনীর হামলা চালিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলেছে।

এই নতুন হামলাগুলোর কারণে তেলের দামও তীব্রভাবে বেড়েছে। কারণ এই গুরুত্বপূর্ণ নৌপথে ট্যাংকার চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, বুধবার সকালের হামলাগুলো ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে আরো হ্রাস করেছে।’