ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় গভীর রাতে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।
শুক্রবার (১৭ জুলাই) দিনগত রাতে পাটগুদাম ব্রিজমোড় এলাকায় পরিবহনে চাঁদাবাজির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে পরিবহন থেকে টাকা আদায়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন আটক ব্যক্তিদের কাছে মধ্যরাতে চাঁদা আদায়ের কারণ জানতে চান। তারা সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
এদিকে, ওই রাতে একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ট্রাকচালকের কাছ থেকে টাকা আদায়ের সময় চালককে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন জাগো নিউজকে বলেন, নগরীতে কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম কিংবা জনভোগান্তি বরদাশত করা হবে না। নাগরিকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল নগর ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পাটগুদাম বাসস্ট্যান্ডে টোল আদায়ের জন্য সিটি করপোরেশন ইজারা দিয়েছে। নিয়ম অনুযায়ী ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন থেকে টোল আদায় করা যাবে। এর বাইরে টোলের নামে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
হোসাইন সুলভ/কেএইচকে/এএসএম








