মাগুরার শালিখা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশীশক্তি প্রদর্শনপূর্বক স্থানীয় কৃষি কর্মকর্তাকে হুমকি প্রদানের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্সী নয়নুজ্জামান নয়নের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওই অডিওতে তিনি শালিখা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায়ের কাছে প্রণোদনা দাবি করেন। অন্যথায় ঝুলিয়ে পেটানোর হুমকি দেন। অডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।








