নওগাঁর মহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীর জানাজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের উখরইল গ্রামের আব্দুল হাই বাবুর বাড়িতে। এ ঘটনার একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩০ নারী-পুরুষ সাধু সোমবার বিকালে আব্দুল হাই বাবুর বাড়িতে তাকে এবং তার স্ত্রী মালেকা বেগমকে জীবিত অবস্থায় বরই পাতার গরম পানিতে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে স্বামী-স্ত্রী দুজনকে বসিয়ে রেখে সাদা কাপড় পরিহিত নারী-পুরুষ সাধুরা জানাজার নামাজ আদায় করেন। পরে তাদের হাত ও চোখ সাদা কাপড়ে বেঁধে হাতে লাঠি ও মালা ধরিয়ে দিয়ে তাদের অর্থ-কড়ি দান করেন এবং গ্রামের কয়েক বাড়ি থেকে ভিক্ষা করিয়ে নেন। পরের দিন গান-বাজনার আয়োজন করলে গ্রামবাসী তাদের বাধা প্রদান করেন। তবে বৃহস্পতিবার দুপুরে আব্দুল হাই বাবুর বাড়িতে গিয়ে তাকেসহ ওইসব সাধুদের কাউকেই পাওয়া যায়নি। আব্দুল হাই বাবুর মেয়ে হালিমা আক্তার জানান, তারা ৪ ভাই ও ১ বোন। তাদের বাবা-মা যেভাবে থাকতে চায় তাতে তাদের কোনো আপত্তি নেই।
ইসলামের ৪ তরিকার এটি একটি দাবি করে তিনি বলেন, সংসার-ধর্ম ত্যাগ করে ফকিরী লাইনে যাওয়ার কারণে তাদের রীতি-নীতি অনুযায়ী এসব পালন করা হয়েছে-এতে খারাপ কিছু দেখছেন না তিনি।
এ প্রসঙ্গে উখরইল জামে মসজিদের ইমাম মো. আবুল হোসেন বলেন, এটি সম্পূর্ণ ইসলাম পরিপন্থি। ইসলাম ধর্মে কোথাও জীবিত মানুষের জানাজা করানোর বিধান নেই। এ বিষয়ে হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক মণ্ডল বলেন, বিষয়টি তার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি আমার জানা নেই।








