ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ত্রিমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঈসমাইল ঘরামী বাবু (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো দুজন গুরুতর আহত হন।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী তাঁত বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, যাত্রীবাহী সাকুরা, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ঈসমাইলকে মৃত ঘোষণা করে। তিনি কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব ও তাদের সঙ্গী তাপস।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








