চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি পিকনিকের বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার লোহার দিঘির পাড় এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বগুড়া থেকে কক্সবাজার গিয়েছিল। আজ ফেরার পথে বাসটি মহাসড়কের মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায় এবং মহাসড়কের পূর্ব পাশে উল্টে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।