প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। সোমবার খুলে গেছে এ শ্রমবাজার। মধ্যপ্রাচ্যেও আমাদের শ্রমবাজার দ্রুতই খুলে যাবে। বাকিগুলোও দ্রুত খুলবে। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউজে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন মন্ত্রী।

?সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নকে এই ধরনের আলোচনা আরও গতিশীল করবে। বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দ–র রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।