মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকায়।

মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বাসের ধাক্কায় স্ত্রীসহ যুবদল নেতা আহত, মহাসড়ক অবরোধ

নিহত মিল্লাত রামগঞ্জের লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে মিল্লাত জীবিকার তাগিদের চাকরির খোঁজে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসাকের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

নিহত মিল্লাতের ভাই শরীফ হোসেন বলেন, দীর্ঘ বছর ধরে মিল্লাত বিদেশের মাটিতে রয়েছে। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাই খুব ভালো মানুষ ছিল।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরণের সহযোগিতা করা হবে।

কাজল কায়েস/এনএইচআর/জেআইএম