ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ছিল নয় মাস। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
আরও পড়ুন
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাসপাতাল সূত্র জানায়, একই সময়ে হাম উপসর্গ নিয়ে নতুন করে ২৭ শিশু ভর্তি হয়েছে। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ শিশু।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হোসাইন সুলভ/এসজেডএইচ/এএসএম








