সাতক্ষীরার কলারোয়ায় একটি অন্ধ ও অসুস্থ ঘোড়াকে উদ্ধার করে আশ্রয় দেওয়া কলেজছাত্র সোহান হোসেনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক এই কাজের স্বীকৃতিস্বরূপ সোহানকে তার পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা কলারোয়ার চান্দুড়িয়া গ্রামে সোহানের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা হস্তান্তর করেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কলারোয়ার সীমান্তবর্তী চান্দুড়িয়া এলাকার একটি শ্মশানের পাশে একটি অন্ধ ও মুমূর্ষু ঘোড়া পড়ে আছে। ভিডিওটি দেখে স্থানীয় কলেজছাত্র সোহান দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।পরে স্থানীয় পশুচিকিৎসক পরীক্ষা করে জানান, ঘোড়াটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে সোহান দমে যাননি। দৃষ্টিহীন ঘোড়াটিকে ফেলে না দিয়ে তিনি সেটিকে নিজের কাছে রেখে লালন-পালনের দায়িত্ব নেন।সোহান বলেন, ‘অন্ধ হলেও এটি তো একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে এভাবে ধুঁকে ধুঁকে মরতে দিতে পারি না। তাই বাড়িতে নিয়ে এসেছি। যতদিন বেঁচে থাকে, আমি ওর যত্ন নেব।’ছেলের এমন কাজে খুশি তার বাবা নাঈম হোসেনও। তিনি বলেন, ‘ছেলের আগ্রহের কারণেই ঘোড়াটিকে বাড়িতে আশ্রয় দিয়েছি। আমরা সাধ্যমতো এর দেখাশোনা করছি। মানুষ হিসেবে অসহায় প্রাণীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোড়াটিকে লালন পালন ও আশ্রয় দিতে আর্থিক অনুদান দিয়ে যে উৎসাহ দিয়েছেন তাতে আমরা খুব খুশি ও চিরকৃতজ্ঞ।’
রাজনীতি
মানবিকতার পুরস্কার পেলেন কলারোয়ার কলেজছাত্র সোহান

শেয়ার করুন







