টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণে বাসার কাছ থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া পারভীন একই ওয়ার্ডের মৃত হুমায়ূন খানের স্ত্রী।
পরিবার সূত্র জানায়, গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে চাকরিরত ছেলে ফাহাদের সঙ্গে মোবাইলে পারভীনের কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
একই দিন সন্ধ্যায় ফাহাদ ঢাকা থেকে ফিরে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার রাত থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা পারভীনকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। আজ সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ. কে এম মামুনুর রশীদ বলেন, “সকালে ডোবা থেকে উদ্ধারের পর নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।”








