জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে।

বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তবে সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, হাসানুল হক ইনু ছিলেন শেখ হাসিনার অন্যতম সহযোগী। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তির প্রত্যাশা করছি।

আরও পড়ুন

নানা আয়োজনে জুলাই বিপ্লবকে স্মরণ করছে ‘জুলাই ঐক্য চট্টগ্রাম’

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে চলছে। এ প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, আকরাম হুসাইনসহ দলের শীর্ষ নেতারা।

এনএস/এসএনআর