কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার হররা ডাক্তার পাড়া গ্রামের নুর নবীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন জহির। বিষয়টি ছাত্রীর পরিবার জহিরের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এতে জহির ক্ষিপ্ত হন। ২০১৮ সালের ৩ মার্চ রাতে ছাত্রীর বাবা-মা ওয়াজ শুনতে যান। তখন বাড়িতে ওই ছাত্রী একা ছিলেন। এই সুযোগে জহির বাড়িতে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহিরকে আটক করে পুলিশে দেন।
এ ঘটনায় ছাত্রীর বাবা জহিরের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৮ সালের ৩০ এপ্রিল ২০০০ (সংশোধনী-৩) সালের ৯ (১) ধারার জহিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে জহির জামিন নিয়ে পলাতক হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মজিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।








