মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের রহম আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়। পরে মরদেহের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিহতের পরিবারের সন্ধান পায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি হত্যা। এ ঘটনায় স্বপন নামে একজনকে আটক করা হয়েছে।’








