উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।

এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩৮টি কেন্দ্রে, সুনামগঞ্জের ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে, মৌলভীবাজারের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থী ১৬টি কেন্দ্রে এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে।

তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা দুপুর ১টায় শেষ হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের মোবাইল ফোন বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

এদিকে পরীক্ষা উপলক্ষে সিলেট নগরের ২৫টি পরীক্ষাকেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালে প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দে মাইক ব্যবহার, অস্ত্র, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।