দেশের ৬৪ জেলায় শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির সপ্তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় পরিচালিত ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের অধীনে এবার দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখবে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে কাজের সুযোগ তৈরি করতে পারবেন।প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৩৬ হাজার শিক্ষিত তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ছয়টি ব্যাচে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ বিভিন্ন দেশি-বিদেশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করছেন।তিন মাসের এই প্রশিক্ষণে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও সম্পাদনা, সফট স্কিল, ইংরেজি এবং স্মার্টফোনভিত্তিক ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
রাজনীতি
দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের উদ্বোধন

শেয়ার করুন







