ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়নের মাত্র তিন দিনের মাথায় পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল ইসলামকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) তাকে ফরিদপুরে পদায়ন করা হয়েছিল।

সোমবার (২৯ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর জেলা পুলিশে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল ইসলামকে ‌‘প্রশাসনিক কারণে’ খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৮ জুলাইয়ের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ৯ জুলাই থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, গত দুই বছরে রাকিবুল ইসলামকে পাঁচবার বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জ থেকে বরিশাল রেঞ্জ, সেখান থেকে আবার ঢাকা রেঞ্জ, এরপর ট্যুরিস্ট পুলিশ, পুনরায় ঢাকা রেঞ্জ এবং সবশেষ খুলনা রেঞ্জে বদলি করা হলো।

এ বিষয়ে রাকিবুল ইসলাম বলেন, ‘ফরিদপুরে যোগদানের পর থেকে বদলির আগ পর্যন্ত মাত্র কয়েকটি কর্মদিবস দায়িত্ব পালন করেছি। এ সময়ে আমি কোনো অভিযান পরিচালনা করিনি। কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডেও জড়িত ছিলাম না। তাই প্রশাসনিক কারণ দেখিয়ে আমাকে বদলি করায় আমি নিজেই বিস্মিত।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম বলেন, ‘বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারের। বদলির কারণ সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন।’

এন কে বি নয়ন/এসআর/জেআইএম