ময়মনসিংহের হালুয়াঘাটে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মজিবুর রহমান ঘুমিয়ে ছিলেন। এ সময় ছেলে ফারুক আহমেদ ধারালো দা দিয়ে বাবার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। স্বজনেরা আহতাবস্থায় তাকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, অভিযুক্ত ফারুককে আটক করে থানায় আনা হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, ফারুক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








