ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার উখরুল জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে অতর্কিত হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। এতে অসম রাইফেলসের দুই সদস্য নিহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রায় চল্লিশ সদস্যকে নিয়ে কয়েকটি যানবাহনের বহর উখরুল জেলার শাংশাক এলাকার দিকে যাচ্ছিল। নুংশাং কং গ্রামের কাছাকাছি পৌঁছালে একদল অজ্ঞাত অস্ত্রধারী বহর লক্ষ্য করে গুলি ছোড়ে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পালটা জবাব দিলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় গোলাগুলি চলে। সংঘর্ষে গুরুত্বর আহত হন বাহিনীর কর্মকর্তা বলবন্ত সিং এবং সদস্য সি এম সিং। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের একজন হামলার সময় একটি গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে।








