মনিরামপুরে স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধা প্রতিবন্ধী স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত আরিফুর রহমানের ছোট স্ত্রী চাইনা বেগমকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মদনপুর গ্রামের বাড়িতে নিহত আরিফুর রহমান ও তার ছোট স্ত্রী চাইনা বেগম থাকতেন। দুই ছেলে প্রবাসে থাকলেও তাদের দুই স্ত্রী ওই বাড়িতে ছিলেন না। অভিযোগ উঠেছে, প্রবাসীর দুই ছেলের টাকায় কেনা ১০ শতাংশ জমি তাদের মায়ের নামে। এ কারণে ঘটনার চারদিন আগে ইরানী খাতুন নামে এক ছেলের বউ বাড়িতে এলে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় শাশুড়ি। নিহতের ভাইপো আব্দুর রশিদ জানান, ছেলের বউ চলে যাওয়ায় চাচির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তিতে পড়ে গিয়ে চাচার মৃত্যু হতে পারে। ইউপি সদস্য মুনছুর আলী জানান, রাতে খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা ওই বাড়িতে যান। তারা দেখতে পান আরিফুর মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। ওসি আবু সাঈদ জানান, নিহতের মাথায় যে আঘাতের চিহ্ন, তাতে মৃত্যুর সম্ভাবনা কম। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্টে উন্মোচিত হবে।