গাইবান্ধা পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় ট্রাকটির চালককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (৩ জুলাই) সকালে জেলা শহরের পশ্চিমপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া মাসুদ গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা মডেল মসজিদের খাদেম ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ শহরের জুম্মাপাড়ার বাড়ি থেকে জুমার নামাজ পড়তে সদর উপজেলা মডেল মসজিদে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় পৌরসভার ময়লাবাহী একটি ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল কুমার বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকচালককে স্থানীয়রা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। ট্রাকটি পৌরসভার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”








